সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মামলার ওই প্রধান আসামি। এ সময় তিনি জামিন প্রার্থনা করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বেলা ৩টার দিকে তাকে আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের খবর প্রকাশের জেরে গত ৭ আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে অপহরণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। একই সঙ্গে মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









