দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মো. সাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্টেশনের ফুটওভার ব্রিজের সিঁড়ির কাছ থেকে আরিফ হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









