‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পটুয়াখালী জেলা পর্যায়ে প্রথম হয়েছেন দশমিনা উপজেলার কিশোর কাবাডি খেলোয়াড় মো. আরিফ হোসেন সিকদার। তাঁর এই সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফ হোসেন সিকদারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর বিকেলে দশমিনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাবাডি দলের অংশগ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ হোসেন সিকদার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
পরে ২২ সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালী জেলা শহরের শহীদ মিনারসংলগ্ন মাঠে জেলা পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা খেলোয়াড়রা এতে অংশ নেন। প্রতিযোগিতায় আরিফ হোসেন সিকদার প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই সাফল্যের ফলে তিনি পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। এ ছাড়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও জেলা ক্রীড়া কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ খেলোয়াড়রা এতে অংশ নেন। প্রতিযোগিতায় দশমিনার আরিফ হোসেন সিকদার প্রথম হয়েছেন। বিভাগীয় পর্যায়ে খেলার জন্য তাকে পাঠানো হবে। জাতীয় পর্যায়েও সফল হলে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দশমিনা উপজেলার আরিফ হোসেন সিকদার প্রথম স্থান অর্জন করেছেন। বিভাগীয় পর্যায়ের খেলায়ও দশমিনা থানা পুলিশের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, জেলা পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে দশমিনা উপজেলার আরিফ হোসেন সিকদার প্রথম হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্যও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









