সংগীতজগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০২৬ আসরে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। এবারের আয়োজনে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ বিভিন্ন বিভাগে ১১টি মনোনয়ন পেয়েছেন তিনি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, এই বিশেষ সম্মাননা পেলেই ভিএমএর ইতিহাসে এককভাবে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড গড়বেন সুইফট।
এই স্বীকৃতি যোগ হলে তার ভিএমএ ট্রফির সংখ্যা দাঁড়াবে ৩১টিতে। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলবেন পপ তারকা বিয়ন্সেকে। ব্যক্তিগতভাবে এবং ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’-এর সঙ্গে পাওয়া পুরস্কার মিলিয়ে বিয়ন্সের মোট ট্রফির সংখ্যা ৩০টি। প্রতিযোগিতামূলক বিভাগে জয় পেলে সুইফটের ব্যবধান আরও বাড়বে।
ভিএমএর অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগেও এবার ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন সুইফট। এটি জিতলে এই বিভাগে তার নিজের গড়া সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ হবে। এর আগে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’ গানের জন্য পাঁচবার এ পুরস্কার পেয়েছেন তিনি। এবার জিতলে সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।
এক রাতে সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগও রয়েছে সুইফটের সামনে। ১৯৮৭ সালে অস্কারজয়ী সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ পুরস্কারসহ এক রাতে সর্বোচ্চ ১০টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিলেন। সুইফট মনোনীত সব বিভাগে জয় পেলে এক আসরেই সর্বোচ্চ ১২টি ট্রফি জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন।
‘বেস্ট পপ’ বিভাগে বর্তমানে অ্যারিয়ানা গ্রান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে ট্রফি রয়েছে সুইফটের। এবার ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য জয় পেলে অ্যারিয়ানাকে ছাড়িয়ে এই বিভাগে এককভাবে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়বেন তিনি। তবে একই বিভাগে অ্যারিয়ানাও মনোনীত হওয়ায় দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









