রূপগঞ্জে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দীপু ভূঁইয়া বলেছেন, বর্তমানে রূপগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের হার ৫ থেকে ৬ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে এলাকার গ্যাসের চাপের সমস্যাও অনেকটা কমেছে বলে দাবি করেছেন তিনি।
রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার নিজ বাসভবনে এলাকাবসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে দীপু ভূঁইয়া বলেন, বিগত সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে কিছুদিন আগে বিদ্যুৎ বিভ্রাটের হার ৮ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল, যা বর্তমানে আরও কমে প্রায় ৫-৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার এই উন্নয়নে বিদ্যুৎ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি। ভবিষ্যতে বিদ্যুৎ বিভ্রাট আরও কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
গ্যাস সংকট প্রসঙ্গে দীপু ভূঁইয়া বলেন, বিগত ১৭ বছরে গ্যাসের মজুত অনুসন্ধান, নতুন কূপ খনন এবং উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে রাতারাতি গ্যাস উত্তোলন বৃদ্ধি করা সম্ভব নয়। তবে সরকার এরই মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়াতে পারলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, রূপগঞ্জ এলাকায় একসময় গ্যাসের তীব্র চাপের সমস্যা থাকলেও বর্তমানে তা অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। তবে দেশজুড়ে গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি রয়ে গেছে। দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন অনুসন্ধান ও এলএনজি অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সরকার জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে কাজ করছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









