কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় মো. আসাদুজ্জামান (৫২) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকখালি রোড মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত আসাদুজ্জামান কটিয়াদী মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন উপপরিদর্শক (এসআই)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত মোবাইল টহল ডিউটিতে ছিলেন। টহল গাড়িটি মানিকখালী রোড মোড়ে মোড় নেওয়ার সময় দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কনস্টেবল আসাদুজ্জামান মাথায় মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









