ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি মনিটরিং সেলও কাজ করবে বলে জানান তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, একইভাবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ বর্তমানে ভালো রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির তারিখ ৬ অক্টোবর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









