কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদ থেকে মাওলানা শামিম মিয়া (২৮) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার বন্ধু সোহান মিয়া (২১) গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরঝাকালিয়া এলাকার ইছাম উদ্দিন বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত শামিম ওই মসজিদের ইমাম এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহত সোহান একই এলাকার মৃত সৈয়দুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামিম ও সোহান প্রতিদিন মসজিদের একটি কক্ষে একসঙ্গে থাকতেন। রাত দেড়টার দিকে মসজিদের ভেতর হৈচৈ শুনে স্থানীয়রা গিয়ে সোহানকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, কে তাকে আঘাত করেছে জানতে চাইলে সোহান ইমাম শামিমের নাম বলেন। তবে শামিম তা অস্বীকার করেন। পরে সকালে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত নিয়ে স্থানীয়রা মসজিদ তালাবদ্ধ করে দেন। ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন কক্ষে শামিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিমের মরদেহ উদ্ধার করে।
জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, দুজন একই কক্ষে থাকতেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, বন্ধুকে ছুরিকাঘাতের ঘটনায় ভয় পেয়ে শামিম আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আহত সোহান সুস্থ হয়ে কথা বললে প্রকৃত ঘটনা জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









