রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১-এ অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
এ সময় জামায়াত আমির বলেন, দেশের কোথাও যেন আর কোনো দুর্বৃত্ত অসামাজিক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাঁরা উদ্বিগ্ন বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর করার সাহস কারও হওয়ার কথা নয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১-এর স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেয় হামলাকারীরা। ওই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যেও স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









