সিলেটের জৈন্তাপুরে সাফরি নদীর পাড় থেকে থানা থেকে লুট হওয়া ১১১ রাউন্ড গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
প্রেসনোটে বলা হয়, রবিবার বিকেল সোয়া ৪টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামে অভিযান চালায় এসআরবি-৯-এর সিলেট সদর কোম্পানির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে নুরুল ইসলামের বাড়ির সামনে সাফরি নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি চালিয়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি রাইফেলের ম্যাগাজিন, দুটি হ্যান্ড গ্রেনেড এবং থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে এসব আলামতের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৯ জানায়, উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক হওয়ায় বিধি অনুযায়ী বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে। অন্য আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









