সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে বোরকা পরে ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। পরিচয় গোপন রেখে সরেজমিনে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্র দেখতে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি।
ভূমি অফিসে প্রতিদিনের মতোই সেবা নিতে আসা মানুষের ভিড় ছিল। কেউ জমির নামজারি করতে, আবার কেউ নিজের ঝুলে থাকা আবেদনের অগ্রগতি জানতে এসেছিলেন। তাদের সঙ্গে একজন সাধারণ সেবাগ্রহীতা হিসেবে মিশে যান ডিসি ফরিদা খানম। পরিচয় জানতে চাইলে নিজেকেও সেবাগ্রহীতা হিসেবে পরিচয় দেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিসেবা নিতে এসে মানুষ কোনো ধরনের ভোগান্তি, বিলম্ব, অনিয়ম কিংবা হয়রানির শিকার হচ্ছেন কি না, তা সরাসরি জানতেই এই ব্যতিক্রমী পরিদর্শনে যান তিনি। এ সময় অন্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজেও সাধারণ মানুষের মতো সেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও খতিয়ে দেখেন জেলা প্রশাসক। সেবা নিতে আসা মানুষের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ কেমন, দাপ্তরিক প্রক্রিয়ায় কতটা জটিলতা রয়েছে এবং সেবা পেতে কতটা সময় লাগছে, সেসব বিষয়েও নজর দেন তিনি।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন ফরিদা খানম। একই সঙ্গে সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দাপ্তরিক প্রতিবেদন কিংবা অভিযোগের ওপর নির্ভর না করে সরাসরি মাঠপর্যায়ে গিয়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা জানার মাধ্যমে সরকারি সেবার প্রকৃত চিত্র পাওয়া সম্ভব। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ায় সেবার বাস্তব পরিস্থিতি আরও কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









