সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ কয়ছর আহমেদ।
তিনি বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. আনছার উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









