নরসিংদীর মাধবদী পৌরসভায় পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা জমিরামানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভা এলাকায় পরিচালিত এসব অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৌরসভার রাস্তা কাটার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদকরণ এবং ডায়িংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলার অভিযোগও উঠে আসে।
অভিযানে পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে ফেলা এবং পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটিপি ছাড়াই ডায়িং পরিচালনার অভিযোগে চারজনকে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অনুযায়ী চারটি মামলা করা হয়। মামলাগুলোতে পৃথকভাবে রাস্তা কাটা ও পরিবেশবিধি লঙ্ঘনে ৫ লাখ ২ হাজার টাকা এবং ২ হাজার, ২ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা, মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন আরিফা বেগম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাধবদী পৌরসভার সিইও মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









