জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বাদানুবাদের পর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য গুলি চালিয়ে এক কর্মকর্তাসহ চার সহকর্মীকে হত্যা করেছেন বলে জানান কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা।
সূত্রের বরাতে জানা গেছে, বিকেল ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলির মাশকা গ্রামে সেওয়া বিদ্যুৎ প্রকল্পে মোতায়েন সিআইএসএফ ইউনিটে বাদানুবাদের পর এ ঘটনা ঘটে। সেওয়া বিদ্যুৎ প্রকল্পটি রাভি নদীর উপনদী সেওয়ার ওপর নির্মিত একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।
সন্দেহভাজন বন্দুকধারীকে হেড কনস্টেবল অবদেশ কুমার সিং হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযোগ, তিনি অফিস চত্বরে ঢুকে নিজের বরাদ্দ একে-৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। সিআইএসএফ জানায়, তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল।
আহত চার সদস্যকে হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে তারা মারা যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। অবদেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গুলির ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









