নারায়ণগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে ‘বিসিক চাকরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত বিকেএমইএ ভবনে এ চাকরি মেলার আয়োজন করা হয়।
বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদান করা হয়।
মেলায় তিন জেলা থেকে মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং এসব প্রতিষ্ঠানে ৬৩৯টি চাকরির সুযোগ রাখা হয়। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের পর যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরি প্রদানের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; মাসুকুল ইসলাম রাজীব, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ; এবং মোহাম্মদ হাতেম, সভাপতি, বিকেএমইএ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার পরিচালক মানছুরুল করিম।
চাকরি মেলার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের পাশাপাশি চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









