ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে এবং পুরো মহাসড়কের কাজ ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় মহাসড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘প্রকল্পটি সিলেট অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।’’
সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘‘প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির কাজ চলছে।’’ আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রীর সঙ্গে পরিদর্শনের সময় সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২টার দিকে সিলেট সদর উপজেলার কানিশাইলে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা’ প্রকল্পের কাজের উদ্বোধন করেন মন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









