চা-বাগানের সবুজ ও আঁকাবাঁকা পথে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান’।
শুক্রবার (২ অক্টোবর) সকালে শহরের সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পাওয়ার পালস এরিনা ও বাংলাদেশ মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কাবাডি একাডেমির যৌথ আয়োজনে প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক রানার অংশ নেন। ১৫ ও ১০ কিলোমিটার—দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও চা-বাগানের পথ পেরিয়ে নির্ধারিত রুটে দৌড় শেষে প্রতিযোগীরা মূল ভেন্যুতে ফিরে আসেন। এতে নারী রানারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

আয়োজকেরা জানান, তরুণদের মাঠমুখী করা, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। এটি ছিল যৌথ উদ্যোগে দ্বিতীয় আয়োজন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ফিনিশার মেডেল দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের ট্রফির পাশাপাশি মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজক, ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









