সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর চকের বাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাসেলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে শেখপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নতুন কমিটি অনুমোদনকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। এর জেরে ২২ আগস্টও দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হন।
মোগলাবাজার থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









