রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের একটি লিফট ছিঁড়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে পাইকপাড়া আনসার ক্যাম্পের কাছে সরকারি আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসি (৮)।
আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। তাদের মধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে।
ভবনের বাসিন্দা ও সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ফজরের নামাজের পর ভবনের পাঁচতলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়।
শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন বাসিন্দা এগিয়ে এসে লিফটের ভেতরে আটকে পড়া তিনজনকে উদ্ধার করেন। এরপর তাদের হাসপাতালে পাঠানো হয়।
ভবনের আরেক বাসিন্দা অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমির চন্দ্র শীল অভিযোগ করেন, লিফটটি দীর্ঘদিন ধরেই প্রায়ই অচল হয়ে থাকে। মাঝেমধ্যে সামান্য মেরামত করে সেটি আবার চালু করা হয়। লিফটটি যে ঝুঁকিপূর্ণ ছিল, এই দুর্ঘটনা তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
সমির চন্দ্র শীল আরও বলেন, লিফটের সমস্যার বিষয়ে কয়েক দফা গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে জানানো হলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি।
এদিকে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, লিফট ছিঁড়ে আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









