দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৬২৩ শিশুর।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









