দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘‘দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে।’’
কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









