দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৩ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন মোট ২৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৮৬২ জন।
এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৪১৩ জনের। আর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









