‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহকারী পরিচালক এনএসআই আনিচ উর রহমান, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তফা কামাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির ম্যানেজার (এইচআর) ফয়সাল ইকবাল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজার মাসুদ রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ-এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহ্বায়ক ও রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আফজাল হোসেন রাজা, তুষার ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব হারুন উর রশিদ, নিডি ফুডের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বাচ্চু এবং জেলা নাসিবের সভাপতি ও প্রিন্স কেমিক্যালের মালিক এম এ মান্নান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। সীমিত সম্পদ ও সময়ের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয় ঘটাতে হবে।
সভায় বক্তারা বলেন, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, সরকারি সেবা ও শিক্ষাসহ সব ক্ষেত্রে সময়, শ্রম ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন ও অপচয় কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
তারা আরও বলেন, উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি পণ্যের মান ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









