একসময় মাঠে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, ক্লাব মালিক হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবলের দুই মহাতারকা।
স্পেনের দ্বিতীয় বিভাগের দুটি ক্লাবের মালিকানা নেওয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে নতুন এই সমীকরণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছিলেন রোনালদো। এবার একই বিভাগের সিডি এলদেনসের মালিকানা নিয়েছেন মেসি।
এলদেনসের মালিকানা নেওয়ার আলোচনা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছিল। গতকাল বিষয়টি চূড়ান্ত হওয়ার পর নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি মেসির মালিকানা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
বিবৃতিতে বলা হয়, ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাব কেনার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে শত বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।
এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের আরেক ক্লাব ইউই কর্নেলার মালিকানাও কিনেছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।
বর্তমানে দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে এলদেনসের অবস্থান ১৯তম। অন্যদিকে ২২ দলের প্রতিযোগিতায় ৩ নম্বরে রয়েছে আলমেরিয়া। দুই দলই এখন পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। আলমেরিয়ার সংগ্রহ ১৫ পয়েন্ট, আর এলদেনসের পয়েন্ট ৫।
মেসি ও রোনালদো মালিকানা নেওয়ার পর প্রথমবারের মতো তাদের ক্লাব মুখোমুখি হবে ২০২৭ সালের ২ মে। সেদিন আলমেরিয়াকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে এলদেনসে।
এর আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবলে খেলোয়াড় হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি ও রোনালদো। বার্সেলোনার হয়ে মেসি মোট ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। আর রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









