অবৈধভাবে ভারত থেকে আসা কাপড়বাহী একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। পিরোজপুরের হুলারহাট থেকে এফবি হাজী পেয়ার নামে একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। ট্রলারটি জব্দ করার সময় ট্রলার রেখে পালিয়ে যান এতে থাকা লোকজন।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজি একটি টহল টিম বলেশ্বর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে গেলে এটিকে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। ট্রলারটিকে পিরোজপুরের হুলারহাট খালে রেখে পালিয়ে যান ট্রলারে থাকা লোকজন।
এরপর কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট পয়েন্টে নিয়ে আসে এবং ট্রলারটির ভিতরে বিপুল পরিমাণ বস্তাভরা শাড়ি পাওয়া যায়, তবে এর পরিমাণ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেননি আইন শৃঙ্খলা বাহিনী।
বেকুটিয়া ফেরি ঘাটের স্থানীয় বাসিন্দা সালমান হাওলাদার বলেন, ফজরের নামাজ পড়ে দেখি এইখানে একটা মাছ ধরার ট্রলার বান্দা। পরে জানতে পারলাম এই ট্রলারের ভিতরে অনেক অবৈধ শাড়ি আছে। বিকালে পুলিশ ভাইয়েরা দেখলাম অনেক বস্তা বের করছে, তার ভিতরে নাকি ভারতীয় অবৈধ শাড়ি। এছাড়া আর কিছু জানিনা।
স্থানীয় আর এক বাসিন্দা চয়ন ফকির জানান, এখানে একটা পুলিশের গাড়ি দেখি। পরে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম তারা বলল এই ট্রলারের ভেতর নাকি ব্ল্যাক এর মাল রয়েছে। এখন দেখতে আছি বস্তা ভরা মাল উঠাইতে আছে। শুনলাম এর ভিতরে অনেক শাড়ি আছে। শত শত বস্তা রাস্তার পাশে রাখছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং পোস্ট কোস্টগার্ডের সহযোগিতায় একটি ফিশিং বোর্ড বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটক করা হয়েছে। ফিশিং বোর্ড থেকে মাল আনলোড হচ্ছে এবং পাশেই গণনা করা হচ্ছে। গণনা শেষে বিস্তারিত জানানো যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









