দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এই বিরতি নিতে হলেও বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
শনিবার ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি।

লাইভে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। তানিয়া বলেন, ‘‘ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। এরপর ডাক্তার জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’’
অসুস্থতা কাটিয়ে আবার অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানান তানিয়া। তিনি বলেন, ‘‘আমার ইচ্ছা আছে। এই মাস থেকেই শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করতে হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।’’

প্রায় নয় মাস শুটিং না করার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘‘আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। এটা চিন্তাভাবনা করে এখন করছি।’’
দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তানিয়া বলেন, ‘‘যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি করি, তাহলে আমি অবশ্যই করব।’’

লাইভের শেষ দিকে দীর্ঘ সময় পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তানিয়া বৃষ্টি। অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিত ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









