এশিয়ান গেমস থেকে এবার খালি হাতে ফিরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচে বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি মুস্তাফিজুর রহমান। বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক ওভারেই ২৫ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের এমন পারফরম্যান্সকে অপ্রত্যাশিত বলছেন খালেদ মাহমুদ সুজন।
জাপানের উইকেটে মুস্তাফিজের এমন ব্যর্থতা অবাক করেছে সুজনকে। একই সঙ্গে মোসাদ্দেক হোসেনকে বোলিংয়ে ঠিকভাবে ব্যবহার না করায়ও প্রশ্ন তুলেছেন তিনি।
সুজন বলেন, ‘‘খুব অপ্রত্যাশিত যে মুস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মুস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।’’
এই উইকেটে মোসাদ্দেক কার্যকর হতে পারতেন বলেও মনে করেন সুজন। তিনি বলেন, ‘‘এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।’’
ব্যাটারদের ব্যর্থতাকেও বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সুজন। তার মতে, ‘‘দলের প্রথম সারির চার ব্যাটার রান না পাওয়ায় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে পড়ে।’’
তিনি বলেন, ‘‘সাইফ, তামিম, হৃদয়, লিটন—তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আর হয়নি।’’
শ্রীলঙ্কার পূর্ণ শক্তির দল না থাকার বিষয়টিও উল্লেখ করেন সুজন। বাংলাদেশের তুলনামূলক শক্তিশালী দল থাকার পরও ভালো করতে না পারায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কার তো পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে, আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের খারাপ লাগারই ব্যাপার।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









