পটুয়াখালীর বাউফলে জমিতে সার দিতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাবু মৃধা (৩০) ও মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিবারের অভিযোগ, বাড়ি ও জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে চাচা নাসির মৃধার সঙ্গে তাদের বিরোধ চলছে। রবিবার সকালে নিজেদের চাষ করা জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









