কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, পূজামণ্ডপ কমিটি ও স্বেচ্ছাসেবকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১১৭টি পূজামণ্ডপে সরকারি জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেবীগঞ্জে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী যেন প্রতিমা ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ তাঁকে সমর্থন দিয়ে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকারসহ অন্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









