আবুধাবিতে প্রথম সেশনে দাপট দেখালেও দ্বিতীয় সেশনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। আফগানিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশকে।
দ্বিতীয় সেশনে সাদমান ফেরার পর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। তবে ৩৯ রানে মুমিনুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কা দেন ইয়ামিন আহমদজাই। কাভারে রহমত শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।
এরপর মাঠে নেমে মুশফিকুর রহিমও টিকতে পারেননি। ইয়ামিনের ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। সেই চাপ আরও বাড়িয়ে দেন স্পিনার কায়েস আহমেদ। নাজমুল হোসেন শান্তকে ২৯ রানে ফিরিয়ে দেন তিনি।
২ উইকেটে ২২১ রান ২২৫ হতেই দাঁড়ায় ৫ উইকেটের পতন। মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৬/৫ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। লিটন দাস ৩ ও মেহেদি হাসান মিরাজ ০ রানে অপরাজিত।
দ্বিতীয় সেশনে আফগান বোলাররা গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে চাপ বাড়িয়েছেন, স্পিনাররাও কাজে লাগিয়েছেন নিজেদের সুযোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









