ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে এবং জেলাটি এখন ডেঙ্গুর নতুন হটস্পটে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন ১২৭ জন রোগীর মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১১ জন শিশু। ভর্তি থাকা রোগীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন পুরুষ ও একজন নারী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৫১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ডেঙ্গুজনিত নানা জটিলতায় ২৯ জনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহত মিনহাজের ডেঙ্গুজনিত রক্তক্ষরণ ও শক সিন্ড্রোম, হারিছা বেগমের ডেঙ্গুজনিত জটিলতা এবং মরিয়মের ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকের ফলে মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ডেঙ্গুতে প্রাথমিক অবহেলা মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে এবং জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাই সাধারণ জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া ও হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









