পিরোজপুরের নেছারাবাদে অনুমোদনহীন পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘রুচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যথাযথ কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় কারখানা থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ বাজারসংলগ্ন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) ওই এলাকার আছমত আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ না নেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে তাঁকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই), বরিশালের পরিদর্শক তাহসিন আলম।
অভিযান চলাকালীন সময়ে কারখানাটির অনুমোদন ও পণ্যের মোড়ক সম্পর্কে জানতে চাইলে মালিক আবুল হোসেন নিজেই সরকারি অনুমোদন ও বৈধ মোড়ক না থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া কারখানা পরিচালনার সুযোগ নেই। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









