গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, মন্ত্রিসভায় আনুষ্ঠানিক অনুমোদন পেলেই আগারগাঁওয়ে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে। সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘‘সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কার্যক্রম ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বর্তমান সরকারও চার মাস আগে থেকে এ বিষয়ে কাজ শুরু করেছে।’’
তিনি জানান, সচিবালয় স্থানান্তরের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ আমরা শেষ করেছি। আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি উত্থাপন করা হবে। ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণকাজ শেষ করে পুরো সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









