নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—কারও মধ্যে কোনো ভেদাভেদ না রেখে সবাইকে সমান অধিকার ও বাংলাদেশী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছেন।
সোমবার (১৫ অক্টোবর) নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার ৪৬টি মন্দিরে জিআর চালের ডিও (ডিও অর্ডার) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরও বলেন, "আগামী বছর সারা বাংলাদেশের মন্দিরগুলো এমন একপর্যায়ে পৌঁছে যাবে, যাতে আপনারা নিজেরাই স্বাবলম্বী হয়ে মন্দির পরিচালনা এবং নিজেদের পূজা অত্যন্ত চমৎকারভাবে উদযাপন করতে পারেন, আমরা সে ব্যবস্থাই করব।"
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, "এই বাংলাদেশে এখন আর কেউ আপনাদের সংখ্যালঘু বলতে পারবে না। আমি এখন একটি মসজিদে যেমন অনুদান দিই, ঠিক একইভাবে একটি মন্দিরের জন্যেও অনুদান দিই।"
লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু এবং লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









