ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ফুলবাড়িয়া থানা পুলিশ শিবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বরগুনা জেলার তালতলী উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮), রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯), এবং ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪২) ও আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে একটি চক্র জাল টাকার লেনদেন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার নোটের ৬টি বান্ডেলে মোট ৬১০টি জাল নোট (৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয় এবং চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মূল অভিযুক্ত গোলাম মোস্তফার বাড়ি মানিকগঞ্জে হলেও তিনি দীর্ঘদিন ধরে ফুলবাড়িয়ার শিবপুর গ্রামে শ্বশুরবাড়িতে থেকে এই জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









