মৌলভীবাজারের বড়লেখায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলার ১৪৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ১৩৬টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত।
উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার পূজামণ্ডপগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বক্ষণিক টহলে থাকছে পুলিশ, বিজিবি ও প্রশাসনের ভ্রাম্যমাণ দল। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালন করছে প্রশাসনের বিশেষ দল। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও পূজামণ্ডপগুলোতে খোঁজখবর রাখছেন।
দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি সার্বজনীন পূজামণ্ডপে সরকারিভাবে ৬০০ কেজি করে চাল ও ২ হাজার ২০৫ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
১৪৭টি পূজামণ্ডপে উৎসবকে ঘিরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









