শতবর্ষী শ্রীবালার হাতে নতুন শাড়ি তুলে দিতেই মুখে ফুটে ওঠে হাসি। দুর্গাপূজার আগে নতুন পোশাক পেয়ে তার মতো আনন্দিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বী।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষে এ আয়োজন করে ইকু গ্রুপ। সার্বিক সহযোগিতায় ছিল আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু।
তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারা। ঈদে মুসলমানদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশেও দাঁড়ান। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পূজার আগে নতুন পোশাক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মধ্যে এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









