গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানার হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুন নির্বাপণ ও ডাম্পিং শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট যুক্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









