সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি ও ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালিয়ে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা বর্তমান সরকার নির্ধারিত মেয়াদ পূর্ণ করবে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটরিয়ামে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, গত সাত মাসে সরকার জনগণের আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশ মোতায়েন, বিশেষ নিরাপত্তা টহল এবং ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাইতে হয় না। তিনি জনগণের মনের কথা বোঝেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানার ওসি আতিকুল ইসলামসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









