রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরি করতে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।
চেয়ারম্যানের উদ্যোগে চালু হওয়া এ সেবার লক্ষ্য, ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা গ্রহণের পথ সহজ করা এবং সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি নিজের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেও এ উদ্যোগ নিয়েছেন তিনি।
চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।
উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









