দুই অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিনের জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে জিম্বাবুয়ে।
২৪ রানে ৩ উইকেট তুলে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে ১২৯ রানের জুটি গড়ে ম্যাচে ফিরেছে রোডেশিয়ানরা।
৩২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান।
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারে কোনো রান খরচ না করেই জিম্বাবুয়ের ওপেনার ব্রেইন বেনেটকে ফেরান তাসকিন। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে আরও একটি উইকেট তাসকিনের। প্রথম বলে এলবিডব্লুর শিকার হয়েছেন বেন কারেন।
এরপর তাসকিন তার ব্যক্তিগত চতুর্থ ওভারে তাফাদজা সিগার উইকেট তুলে নেন।
দ্রুত ৩ উইকেট হারানোর পর দেখে-শুনে খেলে ইনিংস গড়ার চেষ্টা করেন টেলর ও আরভিন। তাতে সফলও হয়েছে। চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যেই শতরান ছাড়িয়ে গেছেন তারা। টেলর ব্যক্তিগত ফিফটির দেখাও পেয়েছেন। তিনি ১০ চারে ৮৬ বলে ৭৫ রানে ব্যাট করছেন আর আরভিন ৪ চারে ৭৪ বলে ৫৩ রানে অপরাজিত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









