মহান মুক্তিযুদ্ধের ঐক্য ও সম্প্রীতির চেতনা ধারণ করে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, হিজলায় জাত-ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না; সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে গড়ে উঠবে সৌহার্দ্যপূর্ণ সমাজ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বরিশালের হিজলা উপজেলার খুন্না বাজারের শ্রীশ্রী মহাপ্রভু সেবাশ্রমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। সেই চেতনা ধারণ করে আগামীতেও সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ১৪টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও সার্বক্ষণিক নজরদারির ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে অসচ্ছল প্রায় ১৫০ জন হিন্দু নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার ১৪টি পূজামণ্ডপের জন্য মোট ২ হাজার ১০০ কেজি চাল ও নগদ ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের হিজলা উপজেলা শাখার আহ্বায়ক ও মন্দিরের সাধারণ সম্পাদক ডা. মানিক লাল দাস বলেন, এ সহায়তা অসচ্ছল মানুষের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে দুর্গোৎসব উদ্যাপনে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে শ্রীশ্রী মহাপ্রভু সেবাশ্রমের হিজলা শাখার সভাপতি রাধারমন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস শিকদার, হিজলা থানার ওসি মো. সোলায়মান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









