লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে (পুশইন) পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা কঠোর প্রতিবাদ জানিয়ে এই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ৮ নম্বর বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামনদল সীমান্তের বুড়িমারী বিওপির আওতাধীন ৮৩৮/১ এস মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৮ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশুকে বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের তাৎক্ষণিক বাধায় বিএসএফ তাদের পেছাতে বাধ্য হয়। বর্তমানে ওই ১২ জন নারী-পুরুষ জিরো লাইন বা শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সীমান্তে বিজিবির টহল ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন জানান, সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের একটি অপচেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের কড়া নজরদারি অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









