ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং বিরোধী দলের সহযোগিতা নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করার পরিকল্পনা ছিল বিরোধী দলের। কিন্তু বিএনপি সরকার সেই সহযোগিতা নিতে পারেনি। তার মতে, বর্তমান সরকারও আগের স্বৈরাচারী সরকারের পথ অনুসরণ করছে।
তিনি বলেন, এখন থেকে তারা দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। বিএনপি পরিবর্তিত হলেও জামায়াত নিজেদের অবস্থান পরিবর্তন করবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় আদায় করেই তারা ছাড়বেন।
বিএনপির ভূমিকার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপিও জামায়াতের মতো একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু এরপর দলটি দ্রুত নিজেদের অতীত ভুলে গেছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে আগে তাদের মধ্যে কোনো ভিন্নমত ছিল না বলে দাবি করেন তিনি।
জামায়াত আমিরের ভাষ্য, গণভোট আগে আয়োজনের পক্ষে ছিল তাদের অবস্থান, যাতে বিষয়টি অনিশ্চয়তার মুখে না পড়ে। কিন্তু বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নির্বাচন কমিশন একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেওয়ার কথা জানালেও বিএনপির সংসদ সদস্যরা তা করেননি। এ ঘটনার পর থেকেই বিএনপির আচরণে উগ্রতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্যদের শপথ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তার অভিযোগ, এর মধ্য দিয়ে জাতির সঙ্গে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর পাঁচ বছর দেশ পরিচালনার জন্য জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে—এমন বক্তব্যের মাধ্যমে দলটি নিজেদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছে। তবে বিএনপি দুটি ভোটের যথাযথ মূল্যায়ন করলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে নামতে হতো না বলে মন্তব্য করেন জামায়াত আমির। তার মতে, বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









