শারদীয় দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচার ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি জেলার ১৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি জানান, গুজব ও উসকানিমূলক পোস্ট শনাক্ত করতে ক্যাম্পে বিশেষ সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলের দুজন সদস্য পালাক্রমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করছেন। এখন পর্যন্ত কোনো গুজব বা উসকানিমূলক পোস্ট শনাক্ত হয়নি।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে এসআরবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









