জাতীয় সংসদে বিএনপি ‘টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি বিভিন্ন ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে দাবি করেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
বক্তব্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে যেভাবে ‘ফিটনেসবিহীন গাড়িতে’ তুলে দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী হয়তো আপাতত সন্তুষ্ট আছেন। তার ভাষ্য, প্রধানমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন, ময়লা পরিষ্কার এবং ফুটপাত পরিদর্শনের মতো কাজে যুক্ত হতে হচ্ছে, যা রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নির্দিষ্ট একটি গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। এ থেকে কারা লাভবান হচ্ছেন, সেই প্রশ্ন তুলে তিনি সালাহউদ্দিন আহমদ ও মীর শাহে আলমের মতো ব্যবসায়ীদের নাম উল্লেখ করেন। তার দাবি, ৫ আগস্টের পর দেশে ফিরে কেউ কেউ প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা এখন দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কয়েকজন লজ্জায় ক্যামেরার সামনে আসছেন না বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









