সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকায় আশাউড়া বিওপির সদস্যরা ৭৪ বোতল মদ জব্দ করেন। সন্ধ্যায় তাহিরপুরের উত্তর মোকসেদপুর এলাকায় লাউরেরগড় বিওপির সদস্যরা ২৪ বোতল এবং রাতে বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপির সদস্যরা আরও ৯৩ বোতল মদ জব্দ করেন। এসব মদের কোনো মালিক পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









