আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, দুর্গাপূজা ঘিরে কেউ যেন গুজব না ছড়ান। কোথাও সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









