নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামের এক অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন নয়াহাটি এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরমান ফকির আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন ফকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (এক সপ্তাহ আগে) দুপুরে অটোরিকশা চার্জ দিয়ে বাড়ি থেকে কারও ডাকে ঘর থেকে বের হয়েছিলেন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের পরিজন ও স্থানীয়রা গিয়ে লাশটি নিখোঁজ আরমানের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল। পরিবারের দাবি এটি নিখোঁজ আরমানের লাশ, তবে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









