লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আয়েশা আক্তার। সে রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
সম্প্রতি রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর নজরুল বর্ষ উপলক্ষে রামগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার রচনা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সে এই গৌরব অর্জন করে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শারিফুল্লা আশ শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে আয়শা আক্তার বলেন, "আজকের এই অর্জন আমার বুক আনন্দে ও গৌরবে ভরিয়ে দিয়েছে। তবে আমি একা নই, আমার এই পথচলার সারথি যাঁরা ছিলেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের সকলের কাছে আমি আজীবন কৃতজ্ঞ।"
মেধাবী এই শিক্ষার্থীর বড় ভাই সাংবাদিক মো. ছায়েদ হোসেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাদ্রাসার সুপার ও গভর্নিং বডির সদস্যসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাদ্রাসার সুপার মুহাম্মদ শামছুল আলম বলেন, "সবার সম্মিলিত সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনার কারণেই আজ আমাদের এই প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।"
উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, "আয়শার এই সাফল্য তার কঠোর পরিশ্রম ও মেধার উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জন তাকে আগামী দিনে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









